ছবি: আপন দেশ
পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই ঐক্যের নেতা-কর্মীরা। এতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রায় অর্ধশত নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এর আগে শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন সংগঠনটির নেতা-কর্মীরা। তাদের সঙ্গে ছিলেন নিহত হাদীর পরিবারের সদস্যরাও। পুলিশের ব্যারিকেডের মুখে রাতভর সেখানেই অবস্থান চালিয়ে যান তারা।
পরদিন শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের পর আবারও যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতেম তাসনিম জুমা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারসহ অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে আবারও বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন <<>> আয়কর প্রদানকারী প্রার্থীর সংখ্যায় শীর্ষে বিএনপি, দ্বিতীয় জামায়ত: সুজন
দীর্ঘ সময় ধরে আন্দোলনের পর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচি স্থগিতের পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যাগ করলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল।
তবে পরদিন শনিবার বিকেলে আবারও শাহবাগ অবরোধ করেন জুলাই ঐক্যের নেতা-কর্মীরা। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড়ে ফের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি ঘিরে এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































