ছবি: সংগৃহীত
চলতি বছরের জানুয়ারির প্রথম দুই সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে ৮০৮ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে। এ খবর প্রকাশ করেছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিল্লি পুলিশ জানায় রাজধানী থেকে প্রতিদিন গড়ে ৫৪ জন মানুষ নিখোঁজ হচ্ছেন। নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক। এখন পর্যন্ত ২৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫৭২ জন।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি স্বাভাবিক পরিস্থিতি নয়। এটি আতঙ্কের পরিস্থিতি। তার মতে, রাজধানীর মানুষের নিরাপত্তা যেন ঈশ্বরের ওপর ছেড়ে দেয়া হয়েছে। বিজেপির এক বছর শাসনের পর দিল্লি কেন এতটা অনিরাপদ, সে প্রশ্নও তোলেন তিনি।
দিল্লি পুলিশের তথ্যে বলা হয়েছে, জানুয়ারির প্রথম ১৫ দিনে প্রতিদিন গড়ে ১৩ জন করে অপ্রাপ্তবয়স্ক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ১৯১ জন অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জন মেয়ে। তাদের বয়স ১২-১৮ বছরের মধ্যে।
নিখোঁজ ৬১৬ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ। এর মধ্যে পুলিশ ৯০ জন পুরুষ ও ৯১ জন নারীকে উদ্ধার করেছে। বাকিরা এখনও নিখোঁজ।
পুলিশ জানায়, দিল্লিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে গড়ে ১২২ দশমিক ৫ জন নিখোঁজ হন। এ হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় কম।
আরও পড়ুন <<>> পাকিস্তানে ইমামবাড়ায় বিস্ফোরণে নিহত ৩১
পুলিশের মুখপাত্র বলেন, শিশুদের বাড়ি ফিরতে দেরি হলে বা অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে কিছুক্ষণ যোগাযোগ না হলে উদ্বিগ্ন অভিভাবকেরা থানায় রিপোর্ট করেন। সেসব ঘটনাও সরকারি পরিসংখ্যানে যুক্ত হয়।
পুলিশ আরও জানায়, চলতি বছরের জানুয়ারিতে মোট ১ হাজার ৭৭৭ জন নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে নিখোঁজ হয়েছিলেন ২ হাজার ৪২ জন। ২০২৪ সালের জানুয়ারিতে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৮৬ জন।
গত দুই বছরের তুলনায় ২০২৬ সালের জানুয়ারিতে নিখোঁজের সংখ্যা কম। ২০২৫ সালে সারা বছরজুড়ে মোট ২৪ হাজার ৫০৮ জন নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে ১৫ হাজার ৪২১ জনকে পুলিশ উদ্ধার করতে পেরেছে।
তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, দিল্লি থেকে এত মানুষ কেন নিখোঁজ হচ্ছেন। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র কাজ করছে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































