ছবি : সংগৃহীত
চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র। আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেবেন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।
প্রেস টিভি জানায়, শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ইস্তাম্বুল শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে ইরান ও যুক্তরাষ্ট্রের অজ্ঞাতনামা কর্মকর্তা ও কূটনীতিকদের উদ্ধৃত করে বলা হয়, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এ আলোচনায়।
উদ্যোগটি আসে এমন এক সময়, যখন দুই দিন আগে ইরানের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা আলি লারিজানি বলেছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার একটি কাঠামো অগ্রগতির দিকে যাচ্ছে। সে সময় তিনি ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত গুঞ্জনকেও নাকচ করে দেন।
লারিজানির বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানি কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস একই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, শুক্রবার ইস্তাম্বুলে আব্বাস আরাগচি ও স্টিভ উইটকফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।
তেহরান আগেই সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামান্যতম সামরিক পদক্ষেপ নেয়া হলেও তার জবাব হবে কঠোর ও নির্ধারিত।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































