ছবি: আপন দেশ
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের সভা সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
ওইদিন বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।
এর আগে ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর তৃতীয় সভা অনুষ্ঠানের কথা জানানো হয়েছে।
সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেয়া হবে বলে আশা করা হচ্ছে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
এর ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
আরও পড়ুন <> সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।
এছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেয়ার কথা ছিল।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
২০২৩ সালের নভেম্বরে এ মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
নতুন মজুরি নির্ধারণের দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি সামনে রেখে এ দাবি জানানো হচ্ছে।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম শামসুদ্দিন।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































