Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৬, ১৭ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি

ফাইল ছবি

সদ্য শূন্য ঘোষিত হয়েছে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসন। এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে। এ কথা জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইন অনুযায়ী আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করবে।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে বিকেলে সংসদের অধিবেশনে বিষয়টি অবহিত করেন তিনি।

এরপর বিকেলেই কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জালাল মোহাম্মদ গাউছ বলেন, সংসদ সদস্য ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য চারমাস ধরে তিনি দেশের বাইরে রয়েছেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন <<>> নিম্নতম মজুরি ১ ডিসেম্বর কার্যকর হ‌বে: চেয়ারম্যান

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়