সাঈদ খোকন। ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে। এ তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।
এর আগে, এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে সকালে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে এসআরবি তাদের কাছে হস্তান্তর করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে সর্বশেষ গত ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে, একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এ ছাড়া ঢাকা-৬ আসনের সাবেক এমপি খোকনের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































