Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চার আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ১৭ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চার আহবান প্রধানমন্ত্রীর

ছবি: পিআইডি

শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা করার জন্যও শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকার নবাবগঞ্জের তিনটি স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। স্কুলগুলো হলো-কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

তারেক রহমান বলেন, পড়ালেখা শেষ করে তোমরা একদিন বড় হবে। বিভিন্ন পেশায় যোগ দেবে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আইনজীবী, কেউ বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই যাও না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।

তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।

আরও পড়ুন <<>> কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, পড়ালেখার পাশাপাশি কিন্তু খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।

শুধু মুখস্থ করে পরীক্ষা দেয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে। তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়