Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৩, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:১৪, ১৭ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি: আপন দেশ

যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী-স্লোগানে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচি ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে তার মাজার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষ, ভক্ত-মুরিদান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এ নেতাকে স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।

এদিন সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ কারা হয়। এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর মওলানা ভাসানীর পরিবার, বিএনপি ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

আরও পড়ুন<<>>কুয়াশার চাদরে ঢাকা জয়পুরহাট

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’ শুরু হয়েছে। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল হয়। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এ কিংবদন্তি জননেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ফারাক্কা লং মার্চসহ আজীবন তিনি শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়