Apan Desh | আপন দেশ

নিম্নতম মজুরি ১ ডিসেম্বর কার্যকর হ‌বে: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১২, ১৭ নভেম্বর ২০২৬

নিম্নতম মজুরি ১ ডিসেম্বর কার্যকর হ‌বে: চেয়ারম্যান

ছবি: আপন দেশ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন নিম্নতম মজুরি ঘোষণার বিষয়টি আলোচনায় এসেছে। নতুন মজুরি যেদিনই ঘোষণা করা হোক, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ‌্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি ঘোষণার ক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়টি বোর্ডের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা চলছে।

তিনি জানান, নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা গত ১৬ নভেম্বর হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা হবে।

সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহ তৈরির বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে কোনো চাপ বা অন্য কোনো সমস্যা নেই।

বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করা হয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন, তিনি নিজে এবং বোর্ডের অন্য সদস্যরা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার কারখানা পরিদর্শন করেছেন। এসময় শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন তারা।

আরও পড়ুন <<>> সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা

মজুরি নির্ধারণের আইনি প্রক্রিয়া সম্পর্কে আজাদ সুবহানী বলেন, বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুযায়ী বোর্ড গঠনের পর নির্ধারিত সময় ও প্রক্রিয়া অনুসরণ করে মজুরি নির্ধারণের সুপারিশ সরকারের কাছে জমা দেয়া হয়।

চেয়ারম্যান আরও জানান, শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করতে চায় সরকার। এজন্য দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী মজুরি নির্ধারণের লক্ষ্যে কাজ করছে বোর্ড। 

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়