ফাইল ছবি, আপন দেশ
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুরই মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে। নতুন শনাক্ত এক হাজার ১৫৯ শিশুর মধ্যে ১৮৭ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ এবং ৯৭২ জনের শরীরে সন্দেহজনক হামের সংক্রমণ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ৪৮। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৩০।
আরও পড়ুন<<>>চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২২ হাজার ৭৯৪ রোগী। তাদের মধ্যে এক লাখ ১৮ হাজার ৫৪০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মৃত্যু হয়েছে ৮৯৪ শিশুর। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, দেশে হামে মৃত্যু ও শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
আপনদেশ/মিম/এসআর





































