Apan Desh | আপন দেশ

ব্যাচেলর পয়েন্টে পলি চেয়ারম্যানের মৃত্যুতে আবেগাপ্লুত দর্শক

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ২৯ নভেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্টে পলি চেয়ারম্যানের মৃত্যুতে আবেগাপ্লুত দর্শক

ছবি : সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। যে নাটক মানেই আড্ডা, হাসি নানান খুনশুটি। সঙ্গে আছে কাবিলার গল্প। কখনো ফোনের স্পিকার অন করে, কখনো বা বন্ধুদের মাঝে গর্বের সুরে মা পলি চেয়ারম্যানের কথা বলতেন কাবিলা।

কিন্তু এবার আর শুধু কণ্ঠ নয়, পর্দাতেই দেখা গেল সে পরিচিত চরিত্রের মৃত্যুর খবর।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শেষ ছয়টি পর্ব প্রকাশের পর গল্পের এ বাঁক ও প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদের প্রতি নির্মাতার শ্রদ্ধার্ঘ্য দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।

গত ২৭ নভেম্বর মুক্তি পাওয়া ধারাবাহিকটির শেষ ছয় পর্বে পলি চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ এলে মায়ের টানে গ্রামে ছুটে যায় কাবিলা। তার সঙ্গে পা মেলায় বন্ধুরাও। সাধারণত হাস্যরস ও চটপটে ভঙ্গিতে দর্শক মাতানো কাবিলার সে শোকাহত রূপ আর বিপদে বন্ধুদের পাশে দাঁড়ানোর দৃশ্যগুলো পর্দায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

গল্পের প্রয়োজনে পলি চেয়ারম্যানের বিদায় দেখানো হলেও পর্দার আড়ালে প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকেই স্মরণ করেছে পুরো টিম। গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ অভিনেত্রী।

দীর্ঘ সময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলি চেয়ারম্যান চরিত্রটি তাকে নতুন করে দর্শকের কাছে পৌঁছে দেয়।

আরও পড়ুন <<>> বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ

শুরুতে মূলত ফোনালাপের মাধ্যমে উপস্থিত থাকলেও পরে কাবিলা ও তার বন্ধুদের গ্রামের বাড়িতে ভ্রমণের কয়েকটি পর্বে সরাসরি দেখা গিয়েছিল তাকে। স্বল্প উপস্থিতিতেও যে দর্শকের মনে স্থায়ী ছাপ রাখা যায়, তা আবারও প্রমাণ করল চরিত্রটি। পর্বের শেষে তার ছবির সঙ্গে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা যুক্ত করে কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা ও কলাকুশলীরা।

প্রসঙ্গত, ধারাবাহিকটির বিভিন্ন পর্বে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, পঞ্চম সিজনের মাধ্যমেই আপাতত ইতি টানছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পথচলা। তবে শেষ পর্বে গল্পের কিছু সূত্র এমনভাবে রাখা হয়েছে, যা ভবিষ্যতে ধারাবাহিকটি আবারও ফেরার সম্ভাবনা নিয়ে দর্শকদের কৌতূহল বাঁচিয়ে রেখেছে। সামাজিক মাধ্যমেও এ আবেগঘন সমাপ্তি নিয়ে নিজেদের অনুভূতি ভাগ করে নিচ্ছেন অনুরাগীরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়