ছবি : সংগৃহীত
পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে থানার সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুঁড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের নেতা-কর্মীদের নিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে একটি মশালমিছিল বের হয়। মিছিলটি ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ ও স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা থানায় ককটেল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা চালায়। এ সময় শনিবার রাতে গ্রেফতার হওয়া মহিলা আওয়ামী লীগের চার কর্মীকে ভোর ছয়টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। থানা এলাকা থেকে সরে গিয়ে হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশে মশাল মিছিল ও অগ্নিসংযোগ করে। এ সময় পাবনা-ঢাকা রুটের আলহামরা পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পর তারা এলাকা ছেড়ে চলে যায়।
আরও পড়ুন<<>>জাজিরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল চারটার পর মহিলা আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে চার নারী কর্মীকে গ্রেফতার করে। এর জের ধরেই ভোরে থানায় হামলার ঘটনা ঘটে। এদিকে ভোর সাড়ে ছয়টার দিকে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা শহীদ খালেক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এর আগে গত ১৯ থেকে ২১ নভেম্বর লকডাউন কর্মসূচি চলাকালেও বেড়া পৌর এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সে সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বেড়া মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ভোররাতে একটি মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। জানমাল রক্ষায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ছাড়া রাতে গ্রেফতার হওয়া চার নারীর বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































