Apan Desh | আপন দেশ

বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪০, ২৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ

জর্জ হ্যারিসন। ছবি : সংগৃহীত

জর্জ হ্যারিসন। রক সংগীতের ইতিহাসে ‘দ্য বিটলস’-এর লিড গিটারিস্ট। বাংলাদেশের মানুষের কাছে তিনি এক অনন্য সংগীতযোদ্ধা ও অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে গানের সুরে ও কথায় বিশ্ববাসীর বিবেক নাড়া দিয়েছিলেন এ কিংবদন্তি শিল্পী।

রোববার (২৯ নভেম্বর) প্রয়াত এ সংগীতজ্ঞের ২৫তম মৃত্যুবার্ষিকী।

১৯৭১ সালে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার চিত্র বিশ্বদরবারে তুলে ধরতে সংগীতকে হাতিয়ার করেন হ্যারিসন। শরণার্থীদের পাশে দাঁড়াতে সেতারের জাদুকর পণ্ডিত রবিশঙ্করের ডাকে সাড়া দিয়ে তিনি এগিয়ে আসেন। সে মানবিক তাড়না থেকেই জন্ম নেয় সংগীত ইতিহাসের অন্যতম মাইলফলক ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

সে বছরের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুটি পরিবেশনায় প্রায় ৪০ হাজার দর্শকের সামনে বসে তারার মেলা। হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের পাশাপাশি মঞ্চে আলো ছড়ান বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল এবং ওস্তাদ আলী আকবর খানের মতো বিশ্বসেরা সংগীতশিল্পীরা।

সংগীতের সে মহাযজ্ঞ থেকে সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়।

আরও পড়ুন <<>> শাকিরা আসছেন ঢাকার মঞ্চ মাতাতে

এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে হ্যারিসন নিজেই লেখেন ও সুর করেন ‘বাংলাদেশ’ গানটি। গানের প্রতিটি পঙ্‌ক্তিতে ফুটে ওঠে বাংলাদেশের মানুষের অসহায়ত্ব, যন্ত্রণা আর মুক্তির তীব্র আকুতি। সে সুর ও আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পক্ষে জনমত গঠনে বিশাল ভূমিকা রেখেছিল। 

১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেয়া জর্জ হ্যারিসন। ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫৮ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ শিল্পী।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ ব্রিটিশ কিংবদন্তির অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে। ২৫তম প্রয়াণ দিবসে সংগীতের এ কিংবদন্তিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে বাংলাদেশ।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়