ছবি: আপন দেশ
গাইবান্ধার সাদুল্লাপুরে প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরও অস্থায়ী চিমনি স্থাপন করে ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এসআরবি ব্রিকস, বর্তমানে এম/এস সোনি ব্রিকসে এ কার্যক্রম চলছে।
রোববার (২৯ নভেম্বর) সরেজমিনে গিয়ে ভাটাতে ইট পোড়ানোর দৃশ্য দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়সংলগ্ন এলাকায় ভাটা পরিচালনা ও প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে গত বছর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে ভাটাটির মূল অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হয়।
তবে চলতি মৌসুমে অস্থায়ী চিমনি ব্যবহার করে আবারও ইট পোড়ানো হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ভাটার ধোঁয়া ও ছাইয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। পাশাপাশি ইট তৈরিতে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি ব্যবহারের অভিযোগও রয়েছে।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, বৈধ লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনা এবং কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।উচ্ছেদ অভিযানের পরও কীভাবে একই স্থানে ভাটার কার্যক্রম চালু হলো, বর্তমান বৈধ লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এ বিষয়ে গাইবান্ধা পরিবেশ অধিদফতরের এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে ভাটাটির বৈধতা যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































