ছবি: আপন দেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা পরিষদ চত্বরের অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থল থেকে কাঁচের বোতলের ভাঙা টুকরো ও দেয়ালে পোড়া দাগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে বিস্ফোরণের আলামত দেখতে পান সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মচারীরা।
জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস ছুটির পর সমবায় অফিসের অফিস সহায়ক নাজমুল হক কচি কলাপসিবল গেট বন্ধ করে কার্যালয় ত্যাগ করেন। এরপর শুক্র ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় অফিসগুলো বন্ধ ছিল।
রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সাজেদুল করিম গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে কাঁচের বোতলের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখেন। পাশাপাশি দেয়ালের কিছু অংশে পোড়া ও কালো দাগ দেখতে পান তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী মতিউর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি ইউএনওকে অবহিত করেন।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে ওসি সাজ্জাদ রোমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ বিভিন্ন আলামত জব্দ করে থানায় নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেও বিস্ফোরণের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা পরিষদ চত্বরে গ্রামপুলিশ ও তার কার্যালয়ের নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। তবে তারাও এ বিষয়ে কিছু জানতে পারেননি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































