ছবি: সংগৃহীত
ফ্রান্সের উদ্যোগে নবগঠিত শিল্প সংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’ বাংলাদেশে একটি অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি চালু করছে। ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা–বাংলাদেশ চ্যাপ্টার’ শিরোনামের এ কর্মসূচির মাধ্যমে বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। থিয়েটারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফ্রান্সপ্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব এ কোর্সের আবাসিক লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ১৯৯০ সালে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত কমনওয়েলথ লিটারেচার সেমিনারে তিনি বাংলাদেশের প্রথম আফ্রিকান নাটক অনুবাদ ও নির্দেশনা দেন। একই সময়ে তার অপেরা-ধর্মী ‘জুলেখা ট্রিলজি’ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়ে প্রশংসা পায়।
তিন মাসব্যাপী এ অনলাইন কোর্সে নাট্যলেখন, নাট্যপাঠ, নির্দেশনা, অভিনয়, মঞ্চ ও আলো পরিকল্পনার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীরা বাংলাদেশে তিনটি নাট্যপ্রযোজনায় অংশ নেবেন।
প্রথম প্রযোজনাটি হবে শকুন্তলার কাহিনি অবলম্বনে একটি পৌরাণিক নাটক। দ্বিতীয় প্রযোজনাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক। এতে সেনানিবাসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতা ঘোষণার গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। এ নাটকের নাম ‘জেড’।
আয়োজকরা জানান, এ নাটকে প্রয়াত সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খান এবং শহীদ চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে জিয়ার একটি কাল্পনিক সংযোগও দেখানো হবে। প্রযোজনার আগে নাটকটি বাংলাদেশ জাতীয় কপিরাইট অফিসে জমা দেয়া হবে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে জানানো হবে। ইতোমধ্যে শকুন্তলা অবলম্বিত নাটক এবং ‘জেড’—দুটি নাটকের রচনা সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন <<>> ‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
তৃতীয় প্রযোজনাটি হবে প্রশিক্ষণার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বেগম রোকেয়াকে নিয়ে একটি ইম্প্রোভাইজড নাট্যপ্রয়াস।
কোর্সে শহীদ নাট্যকার মুনীর চৌধুরীর নাটকের সংক্ষিপ্ত অংশ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি বিশ্বনাটকের অংশ হিসেবে ওলে সোয়িঙ্কা, টেনেসি উইলিয়ামস, ইভ এন্সলার এবং ইয়াসমিন রেজার নাটকও যুক্ত করা হয়েছে।
এ উদ্যোগে স্থানীয় অংশীদার হিসেবে ‘নন্দন বিশ্বমেলা’ প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে। ২০২৪ সালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বহুমাত্রিক শিল্পানুষ্ঠান আয়োজন করেছিল।
কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. শাহনাজ পারভীন। ‘জেড’ প্রজেক্টের লিয়াজোঁ হিসেবেও তিনি কাজ করবেন। ঢাকার পরিসর আর্ট সেন্টারের জুনায়েদ ইউসুফ প্রযোজনার ডিজাইন কনসালট্যান্ট হিসেবে যুক্ত থাকবেন।
নাটক ‘জেড’ ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হবে। ভবিষ্যতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে এটি মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে।
ডিপ্লোমা কোর্সটি আগামী আগস্টে শুরু হতে পারে। নভেম্বর থেকে সরাসরি মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। ‘জেড’ নাটকের প্রাথমিক ওয়ার্কশপ প্রযোজনা ২০২৭ সালের ১৯ জানুয়ারি, জিয়াউর রহমানের জন্মদিনে, চট্টগ্রাম সার্কিট হাউস মাঠে মঞ্চস্থ করার পরিকল্পনা করা হয়েছে।
ফরাসি অংশের সমন্বয় করছেন প্যাট্রিসিয়া গিদাস। আয়োজকদের আশা, এ উদ্যোগ বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে এবং তরুণ শিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































