ছবি : আপন দেশ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ কর্মশালা শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ২৮ ও ২৯ সেপ্টেম্বর এ কর্মশালা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম এবং কোর্স পরিচালক ও আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু অ্যাকাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে, যেখানে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন <<>> আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের সভাপতি
তিনি গোবিপ্রবিকে আধুনিক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।
এবারের কর্মশালায় মূল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম।
তিনি ওবিই কারিকুলামের রূপরেখা, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি দিক শিক্ষকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রশিক্ষণটিতে দুই দিনে গোবিপ্রবির বিভিন্ন বিভাগের ১০৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































