Apan Desh | আপন দেশ

‘বিভাগের অভ্যন্তরীণ সমস্যায় শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রন্থ না হয়’

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘বিভাগের অভ্যন্তরীণ সমস্যায় শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রন্থ না হয়’

ছবি : আপন দেশ

বিভাগের অভ্যন্তরীণ সমস্যার জন্য যেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।

তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না বিভাগের কোনো জটিলতার জন্য শিক্ষার্থীদের শিক্ষাজীবন, কর্মজীবন ক্ষতিগ্রস্ত হোক।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমতাজ হোসেন বলেন, সদ্য সাবেক বিভাগীয় সভাপতির তিন বছর মেয়াদ পূর্ণ করার কথা ছিল। কিন্তু তার দায়িত্ব কন্টিনিউ করতে পারেন নাই। তিনি কেন করতে পারেন নাই, সেটি কিন্তু আমরা স্বীকার না করলেও কমবেশি সবাই জানি। আমাদেরকে কিন্তু সত্যতার জায়গায় যেতে হবে। ​ভবিষ্যতে যেন এ বিভাগে এ ধরনের কোন জটিলতা তৈরি না হয়। এমন হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক। আমাদের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে, ভালো করবে সেটাই আমাদের প্রত্যাশা।

এছাড়া বিজেএসসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের অর্জনে বিশ্ববিদ্যালয়ের নাম সারা দেশে উজ্জ্বল হচ্ছে উল্লেখ করে ইবির উপ-উপাচার্য শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন।

আরও পড়ুন <<>> নেক্সাস গ্রুপের ৫০৪ শিক্ষার্থী পেলেন জাপানের ভিসা

তিনি বলেন, আইন অনুষদসহ বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীরা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করছে, যা পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীদের অর্জনের এ ধারা অব্যাহত রাখতে যেকোনো পরিস্থিতিতে বিভাগের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মঙ্গলকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

এদিন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অন্তর্ভুক্ত ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব শাহীন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. মুন্সি মুর্তজা আলী, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অর্থনীতি বিভাগের কাজী মোস্তফা আরিফ, আল ফিকহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন, জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় ও অন্যান্যরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়