ছবি : আপন দেশ
রাজশাহীতে টাকা ভাঙিয়ে না দেয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার আগে দুর্বৃত্তরা তার দোকানে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী (৪০) ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নগরের চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা মাদক সেবন করছিল বলে স্থানীয়দের অভিযোগ।
পরে তারা আবদুল বারীর দোকানে গিয়ে টাকা ভাঙিয়ে দেয়ার জন্য বলে। বারী টাকা ভাঙিয়ে দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বাকির মোড় এলাকায় আসে। তারা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। দোকানের ভেতরে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
দোকানে আগুন জ্বলতে দেখে বারী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসেন। এসময় হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
আরও পড়ুন <<>> হত্যার হুমকি দেয়ায় তৃতীয় লিঙ্গের মানববন্ধন
স্বজনরা দ্রুত আবদুল বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































