Apan Desh | আপন দেশ

ভাষা বিড়ম্বনায় শুকির বাংলাদেশ অধ্যায় শুরু

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভাষা বিড়ম্বনায় শুকির বাংলাদেশ অধ্যায় শুরু

ছবি: বাফুফে

বাবা বাংলাদেশ আতাউর রহমান, মা জাপানি শিজু ইতোফুসা। তাদের সন্তান শুকি ইতোফুসা। যিনি ফুটবলে লাল সবুজ জার্সিতে অভিষিক্ত হয়েছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপে মালায়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরমধ্যে দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হলো শুকির।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে প্রথম পথচলাতেই তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি নতুন এক সংস্কৃতি, নতুন সতীর্থ এবং নতুন যোগাযোগব্যবস্থার সঙ্গেও মানিয়ে নেয়ার গল্প লিখতে হচ্ছে তাকে।

সতীর্থরা জাপানি জানেন না, শুকিও বাংলা বা ইংরেজিতে সাবলীল নন। কিন্তু তাতে খুব একটা সমস্যা দেখছেন না শুকি। বরং দলের অন্যদের আন্তরিকতাই তার জন্য সহজ করে দিয়েছে নতুন পরিবেশ।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় শুকি বলেন, জানি তারা (সতীর্থরা) জাপানিজ বলতে পারে না। তবে তারা ইংরেজি বা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করে, যা আমি বুঝতে পারি। এছাড়াও, কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখে এবং আমার সঙ্গে কথা বলে। তাই এখন আমি মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা খুব উপভোগও করছি, কোন সমস্যা হচ্ছে না।

শুকির গল্পটা অবশ্য জাতীয় দলে ডাক পাওয়ার অনেক আগেই শুরু। বাংলাদেশি বাবা আতাউর রহমান ও জাপানি মা শিজু ইতোফুসার সন্তান তার বেড়ে ওঠা জাপানে। বাবা-মা দুজনেই এখন সেখানেই থাকেন। ফলে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা এত দিন মূলত পারিবারিক শিকড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার সে সম্পর্ক পেল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ-জাতীয় দলের জার্সি।

বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিনের আলোচনার বিষয় গোলের জন্য একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব। জাতীয় দলের কোচ থমাস ডুলি সে সমস্যার সমাধান খুঁজতে ক্যাম্পে একাধিক তরুণ উইঙ্গার ও ফরোয়ার্ডকে সুযোগ দেন। তাদের মধ্যেই ছিলেন শুকি। ঘরোয়া ফুটবলে ফর্টিস এফসিতে যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনায় থাকা এ তরুণ অল্প সময়ের মধ্যেই কোচের নজর কাড়েন। ক্যাম্পে পর্যবেক্ষণের পর জায়গা করে নেন আসিয়ান কাপের ২৩ সদস্যের দলে।

তারপর এল সে অপেক্ষার দিন! মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাহামিদুল ইসলামের বদলি হিসেবে মাঠে নামেন শুকি। বাংলাদেশের জার্সিতে তখন দল দুই গোলে পিছিয়ে। পরে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। স্কোরলাইন তখন অভিষেকের রোমাঞ্চকে ম্লান করে দেয়ার মতোই। কিন্তু শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ মাঠে নামার পর বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরে। ৬০ মিনিটের পর তৈরি হয় কয়েকটি সুযোগও। গোল না এলেও নতুনদের উপস্থিতিতে আক্রমণে প্রাণ ফেরার ইঙ্গিত মিলেছিল।

ফলাফল অবশ্য বাংলাদেশের পক্ষে যায়নি। মালয়েশিয়ার কাছে ০-৩ গোলে হেরেছে দল। কিন্তু ব্যক্তিগতভাবে শুকির জন্য ম্যাচটি হয়ে থাকল স্বপ্নপূরণের রাত। ২২ বছর বয়সী শুকি বলেন, ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সে জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত।

এত দ্রুত সে স্বপ্ন বাস্তবে চলে আসবে, সেটি অবশ্য ভাবেননি তিনি। ক্যাম্পে সুযোগ পাওয়ার পরও প্রথম ম্যাচেই অভিষেকের প্রত্যাশা ছিল না শুকির, আমি আসলে কখনও এভাবে ভাবিনি, যে গতকাল অভিষেক হয়ে যাবে, তবে আমি প্রস্তুত ছিলাম দেশের জন্য লড়তে।

এখন সে লড়াইয়ের পরের অধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে শুকির জন্য চ্যালেঞ্জটা শুধু প্রতিপক্ষের রক্ষণ ভাঙা নয়, দলের সঙ্গে আরও বেশি বোঝাপড়া তৈরি করাও। তবে সে বোঝাপড়ার জন্য হয়তো খুব বেশি শব্দের প্রয়োজন নেই। একটি পাস, একটি দৌড়, একটি ইশারা-ফুটবলের মাঠে অনেক কথাই এভাবেই বলা যায়।

মালয়েশিয়া ম্যাচের পর বাংলাদেশ দলের ব্যস্ততাও থেমে নেই। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রিকভারি সেশনে জিপিআরএস ডাটার ভিত্তিতে একাদশের নয়জন ফুটবলার ফিটনেস ট্রেইনার রাফায়েলের অধীনে জিমে কাজ করেছেন। বিকেলে থমাস ডুলির অধীনে অনুশীলন করেছেন ১৪ জন। হালকা সেশনে স্ট্রেচিং, ফিটনেস ও বল পাসিংয়ের পাশাপাশি ছোট মাঠে টেকনিক্যাল কাজও হয়েছে।

সিঙ্গাপুর ম্যাচে তাই শুকির সামনে আরেকটি সুযোগ-নিজেকে আরও ভালোভাবে জানান দেয়ার, নতুন সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর এবং বাংলাদেশের আক্রমণে নিজের জায়গাটা একটু একটু করে তৈরি করার।

জাপানে বেড়ে ওঠা এক তরুণের সামনে এখন নতুন দেশ, নতুন দল, নতুন ভাষা। কিন্তু স্বপ্নটা নতুন নয়। ছোটবেলা থেকেই যে স্বপ্ন ছিল বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরার, সেটি এখন আর স্বপ্নের মধ্যে নেই। লাল-সবুজের জার্সি গায়ে শুকি মাঠে নেমে গেছেন। সামনে তার কাজ একটাই-এ জার্সির সঙ্গে নিজের গল্পটা আরও দীর্ঘ করা!

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়