Apan Desh | আপন দেশ

জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম 

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সরিয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তিনি এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারা অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে তার মূল পদ দর্শন বিভাগের অধ্যাপক পদে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।

অধ্যাপক কামরুল আহসান ২০২৪ সালের ০৫ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>রুনা হত্যা মামলার ৬ মাস, এখনো হয়নি চার্জশিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত অধ্যাপক নূরুল ইসলাম উপাচার্য পদে বহাল থাকবেন।

তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ২৬ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়