ছবি: আপন দেশ
জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত চা-বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা উন্নত করতে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ এখন থেকে একসঙ্গে কাজ করবে।
নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদাকে বিশেষ গুরুত্ব দিয়ে নেয়া এ উদ্যোগের লক্ষ্য চা-বাগান জনগোষ্ঠীর ওয়াশ-সংক্রান্ত সংকট মোকাবিলা করা। সেসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি করা।
সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনীল পান্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শাহরিয়ার জামিল খান উপস্থিত ছিলেন। এ ছাড়া অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং হেড অব ফাইন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স হালিমা আক্তার মিতুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
মাসরুর আরেফিন বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ মানুষের স্বাস্থ্য ও মর্যাদার জন্য অপরিহার্য। এ অংশীদারত্ব সিটি ব্যাংকের সিএসআর কার্যক্রমের দুটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নারী ও পরিবেশকে একত্র করেছে। এর মাধ্যমে আমরা এমন বাস্তবসম্মত ও জলবায়ু-সহনশীল সমাধান দিতে চাই, যা চা-বাগান জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনবে।
অনিল পান্ত বলেন, বাংলাদেশের চা-শিল্পে নারী চা-শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অনেক চা-বাগান জনগোষ্ঠী এখনো নিরাপদ পানি ও স্যানিটেশনের দীর্ঘস্থায়ী সংকটে রয়েছে। যা ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির কারণে আরও প্রকট হচ্ছে। এ অংশীদারত্ব কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মর্যাদা, অধিকার ও সহনশীলতা নিশ্চিত করার একটি বিশেষ উদ্যোগ। সিটি ব্যাংকের সঙ্গে আমরা জলবায়ু-সহনশীল ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন ওয়াশ সমাধান বাস্তবায়ন করতে চাই। যা তাদের দৈনন্দিন জীবনমান উন্নত করবে। দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে সক্ষম হবে।
এ অংশীদারত্ব সিটি ব্যাংকের সামগ্রিক সিএসআর অগ্রাধিকারের সঙ্গে জেন্ডার ন্যায়বিচার, জলবায়ু-সহনশীলতা ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন উন্নয়নে অক্সফামের অভিজ্ঞতাকে একত্র করেছে। এর মাধ্যমে চা-বাগান জনগোষ্ঠীর জন্য স্থানীয়ভাবে পরিচালিত ও টেকসই সমাধান বাস্তবায়নে সহায়তা করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































