ছবি : আপন দেশ
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
সাজ্জাদুল করিম কাবুল বলেন, বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আমাদের কোনোই আপত্তি নেই। তবে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কম্পানিকে পৃথকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় তেল আমদানির সুযোগ দিতে হবে। কারণ এ তিন প্রতিষ্ঠানের দেশজুড়ে তেল আমদানি, সংরক্ষণ ও বিপণনের বড় অবকাঠামো রয়েছে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতের আমদানিকারকদের তেল বাজারজাত করার সুযোগ দেওয়া হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে আমদানিতে অর্থসংকট বা সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিও কমবে।
সাজ্জাদুল করিম কাবুল বলেন, সরকারের পক্ষে অর্থনৈতিক কারণে জ্বালানি তেল আমদানি কঠিন হয়ে পড়লে দেশের পেট্রল পাম্প মালিকরা ব্যাবসায়িক স্বার্থেই পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে অগ্রিম অর্থ দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি দেশি-বিদেশি অনেক ব্যাংকও এসব কোম্পানিকে জ্বালানি তেল আমদানিতে অর্থায়ন করতে আগ্রহী।
পেট্রল পাম্প মালিক সমিতির আহ্বায়ক বলেন, সরকারি ও বেসরকারি, উভয় খাতের আমদানি সমন্বয়ের মাধ্যমে জ্বালানি তেলের বাজারে একটি সুষম ও স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা সম্ভব।
আরও পড়ুন : দাম বাড়ার পর আজ স্বর্ণ যে দামে বিক্রি হচ্ছে
তাই বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































