ছবি: সংগৃহীত
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হলো।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহিউদ্দিন চৌধুরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল।
এদিকে এ মামলায় গ্রেফতার অপর তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল লোক। মামলার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রায় ৫০টি গুলি ছোড়েন এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তারা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিও ভাঙচুর করে বিভিন্ন সরঞ্জাম ও মালামাল লুট করেন। এ ঘটনায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন।
প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, হামলায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
আপন দেশ/কেএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































