Apan Desh | আপন দেশ

আন্তর্জা‌তিক চু‌ক্তির অভা‌বে পাচার হওয়া অর্থ উদ্ধারে জটিলতা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২৩, ১৬ নভেম্বর ২০২৬

আন্তর্জা‌তিক চু‌ক্তির অভা‌বে পাচার হওয়া অর্থ উদ্ধারে জটিলতা

ছবি: আপন দেশ

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার কাজ অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ বলে জানিয়েছেন পাচার করা অর্থ উদ্ধার ও ব্যবস্থাপনা সংক্রান্ত টাস্কফোর্সের পরামর্শক ফারহানুল গনি চৌধুরী। 

তিনি ব‌লে‌ছেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) বা পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। যা অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করছে। 

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’-এর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুই বছর ধরে টাস্কফোর্স পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ করে যাচ্ছে। তবে বিদেশে পাচার হওয়া অর্থ বিভিন্ন দেশ ঘুরে মাল্টি-লেয়ারিং প্রক্রিয়ায় লুকিয়ে রাখা হয়েছে। 

আরও পড়ুন <> নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সফল হতে দেবে না জনগণ: রিজভী

কোন দেশ হয়ে টাকা কোথায় এবং কোন অবস্থায় আছে তা খুঁজে বের করা এবং সে দেশের আইন ও ডিপ্লোমেসির সঙ্গে সমন্বয় করে অর্থ ফিরিয়ে আনা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। 

টাস্কফোর্সের পরামর্শক ফারহানুল গনি চৌধুরী জানান, দেশীয় সম্পদ পুনরুদ্ধারে দেশের আইন প্রয়োগকারী সংস্থা ও আদালত কাজ করে যাচ্ছে। 

কিন্তু বিদেশে পাচার হওয়া সম্পদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সেই নির্দিষ্ট দেশের আইন, ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং জুডিশিয়ারির সহযোগিতার ওপর নির্ভর করতে হয়। 

বাংলাদেশের সঙ্গে যেসব দেশের মিউচুয়াল লিগ্যাল ট্রিটি বা শক্তিশালী আইনি কাঠামোর ঘাটতি রয়েছে, সেখানে আইনি লড়াই চালিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

ফারহানুল গ‌ণি জানান, কেবল ক্রিমিনাল প্রসিডিংস নয়, বরং ব্যাংকিং খাতের ভুক্তভোগীদের সম্পৃক্ত করতে সিভিল প্রসিডিংসের মাধ্যমেও বিদেশে পাচার হওয়া অর্থ জব্দের চেষ্টা চলছে।

তবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং প্রতিটি দেশের নিজস্ব আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মাধ্যমে এগো‌তে হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 আপন দেশ/কেএম/এমটিআই

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়