ছবি: আপন দেশ
নাট্যচর্চার চার দশক পূর্তি উপলক্ষে বাংলাদেশ থিয়েটার দেশজুড়ে নাট্যোৎসবের উদ্যোগ নিয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী এ নাট্যোৎসবে ১২টি নাট্যদলের ১২টি নাটক প্রদর্শিত হবে।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একযোগে এসব নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আয়োজক দল বাংলাদেশ থিয়েটার ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ এবং নাট্যম রেপার্টরি।
উৎসবের উদ্বোধনী দিন ১৩ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে বাংলাদেশ থিয়েটারের নাটক সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা, যার নবনাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আবদুল আজিজ। পরদিন ১৪ নভেম্বর জাতীয় নাট্যশালায় পান্থ শাহরিয়ারের রচনা ও ত্রপা মজুমদারের নির্দেশনায় প্রদর্শিত হবে থিয়েটারের নাটক ‘বারামখানা’। একই দিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আনন জামানের রচনা ও ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় থাকবে মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’।
আরও পড়ুন<<>>কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ
১৫ নভেম্বর জাতীয় নাট্যশালায় মাসুম রেজার নাট্যরূপ ও নির্দেশনায় দেখা যাবে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ এবং এক্সপেরিমেন্টাল হলে ম আ সালামের রচনা ও নির্দেশনায় থাকবে দৃষ্টিপাত নাট্য সংসদের ‘কয়লা রঙের চাঁদর’। এরপর ১৬ নভেম্বর জাতীয় নাট্যশালায় চন্দন সেনের রচনা ও আরহাম আলোর নির্দেশনায় বহুবচন পরিবেশন করবে ‘অনিকেত সন্ধ্যা’ এবং এক্সপেরিমেন্টাল হলে সাধনা আহমেদের রচনা ও আইরিন পারভীন লোপার নির্দেশনায় প্রদর্শিত হবে নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’।
উৎসবের পরবর্তী পর্ব অর্থাৎ ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সবগুলো নাটক কেবল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনেই প্রদর্শিত হবে। এর মধ্যে ১৭ নভেম্বর রয়েছে নাট্যতীর্থের ‘দ্বীপ’, ১৮ নভেম্বর নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’, ১৯ নভেম্বর স্বপ্নদলের ‘হরগজ’ এবং ২০ নভেম্বর নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘দুই পাখি ও নন্দিনী’। উৎসবের সমাপনী দিন ২১ নভেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের বহুল প্রশংসিত নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।
মঞ্চনাটকের নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি উৎসব প্রাঙ্গণকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিদিন উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। উৎসব চলাকালীন প্রতিদিন বিকেল ৪টা থেকে শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে পারবেন নাটক দেখতে আসা দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































