ছবি: আপন দেশ
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় গুলিতে এক চোরাকারবারি নিহত ও এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ৩৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য আটক করে বিজিবির টহলদল। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়।
আরও পড়ুন<<>>নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক
প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপরও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।
পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
৩৯ বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































