ছবি: আপন দেশ
জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিএনপি সরকার সবসময় তাদের পরিবারের পাশে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যাদের হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, আপনারা এতটুকু বিশ্বাস রাখুন,পূর্ণ ন্যায়বিচার পাবেন।
শনিবার (০৩ অক্টোবর) কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসেন। তাই শহীদ ওয়াসিমের কবরে প্রবেশের প্রধান সড়কটির টেকসই উন্নয়নের উদ্যোগ শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্রহণ করবেন।
জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার বিষয়ে রাশেদ খাঁন বলেন, যারা জুলাই আন্দোলনে বিএনপির অবদান নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জন্য ১৬ জুলাই আত্মাহুতি দেয়া ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামই জবাব।
আরও পড়ুন<<>>সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছিলেন।
রাশেদ খাঁনের ভাষ্য, তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ তখন আন্দোলনের মূল সমন্বয়ের কাজ শুরু করেন। একদিকে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে কৌশলগত সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তার সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে রাশেদ খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।
এর আগে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন রাশেদ খাঁন। পরে তার বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলা সভাপতি প্রাইম কাদের, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্যসচিব আবুল কাশেম নুরী, ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও জুলাই যোদ্ধা হিরণ সরওয়ারসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































