ছবি: আপন দেশ
দেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর দাবি, দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলে, দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, অকুতোভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানির কোনো সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি ও সব অপশক্তির বিনাশের উদ্দেশ্যে তার জন্ম হয়। আমরা অশুভ শক্তি, দেশের সব অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।
আইনমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের এ জন্মতিথিতে আপনাদের যে আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা, আবেদন-নিবেদন, ধর্মের প্রতি আপনাদের যে আস্থা-বিশ্বাস, সেই জায়গাটাতে আপনাদের সঙ্গে আমি সংহতি প্রকাশ করতে এসেছি। আপনারা আপনাদের উৎসব পালন করবেন, সরকার আপনাদের পাশে আছে।
তিনি ধর্ম পালনে সুন্দর পরিবেশ বজায় রাখার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে জানিয়ে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































