Apan Desh | আপন দেশ

বাঁচানো গেল না সেই বৃদ্ধাকে, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:২১, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:২২, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁচানো গেল না সেই বৃদ্ধাকে, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ছবি : আপন দেশ

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক ছেড়ে ধানক্ষেতে পড়ে গেল প্রতিমন্ত্রীর গাড়ি। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। তবে চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি সেই বৃদ্ধাকে। তার নাম ফিরোজা বেগম (৫৫)। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

শিবগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে জয়পুরহাটে নিজ বাসভবনে যাচ্ছিলেন।

গোপীনাথপুর এলাকা অতিক্রম করার সময় ফিরোজা বেগম নামে ওই বৃদ্ধা হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ধানের জমিতে নেমে যায়। তবে গাড়ির ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত হন।

আরও পড়ুন : বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওই দুর্ঘটনার পর নিহত বৃদ্ধার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এদিকে দুর্ঘটনার সময় গাড়িতে থাকা জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা সবাই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রেস সচিব অধ্যক্ষ আতিকুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে প্রতিমন্ত্রী নিরাপদেই জয়পুরহাটে নিজ বাসভবনে পৌঁছেছেন। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়