Apan Desh | আপন দেশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি-পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি-পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী

ছবি : আপন দেশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি-পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এ দেশের সমান অংশীদার। তাই দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও আমাদের সবার।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। ফলে মানুষের কল্যাণ নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ নিশ্চিত হবে।

আরও পড়ুন: ‘রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে’

তিনি বলেন, আমাদের পূর্বসূরিরা আমাদের জন্য একটি সুন্দর দেশ রেখে গেছেন। তাই আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম প্রধান দায়িত্ব। সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষই ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষে। এ মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে দাঁড়ালে কোনো অন্যায় বা অপশক্তি সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। 

তাই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়