Apan Desh | আপন দেশ

দেড় সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৬

দেড় সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: রিজভী

ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।

তিনি বলেছেন, ‘বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি; এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে।’ বিশেষ করে শিল্পকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে।’ এর ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকটও ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

এলএনজি আমদানির বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।’ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি দেশের নদী, খাল ও বিলগুলোকে দূষণমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়