ছবি : আপন দেশ
‘ইউজড স্পেয়ার পার্টস’ ঘোষণা দিয়ে জাপান থেকে আনা একটি কনটেইনার খুলতেই বেরিয়ে এসেছে বিলাসবহুল তিন গাড়ির বিচ্ছিন্ন অংশ।
চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনারটি খুলে Lexus LX 600, Lexus SC 430 ও BMW M5-এর বিভিন্ন অংশ পাওয়া গেছে। এর সঙ্গে ছিল Honda B18C Type R Engine, Front Half/Half-cut, টায়ারসহ বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তথ্যমতে, চালানটি বন্দরে আসার পর প্রায় এক মাস বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। পরে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে চালানটি খালাসের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সে চেষ্টা প্রতিহত করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, জব্দ করা গাড়ির অংশগুলো পরীক্ষা করে সেগুলোর ‘অ্যাসেনশিয়াল ক্যারেক্টার’ নির্ধারণের কাজ চলছে। এসব অংশ পূর্ণাঙ্গ গাড়ির বৈশিষ্ট্য বহন করে কি না, তা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে গাড়ি ও যন্ত্রাংশের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য নয় কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চালানটির আমদানি মূল্য, অর্থ পরিশোধের তথ্য, সংশ্লিষ্ট বাণিজ্যিক নথি ও লেনদেনের ধরনও যাচাই করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য মানি লন্ডারিংয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।
আরও পড়ুন: ‘জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস’
এ ঘটনায় জব্দ করা গাড়ি ও যন্ত্রাংশ সরেজমিনে গণমাধ্যমের সামনে উপস্থাপন এবং বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) প্রেস ব্রিফিং করবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এতে ব্রিফ করবেন অধিদফতরের যুগ্ম পরিচালক সাগর সেন।
আপন দেশ/মিম
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































