Apan Desh | আপন দেশ

জামায়াতের সাবেক আমীর কারাগারে, ৩৯১ কোটি টাকা আত্মসাৎ

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৭, ৫ আগস্ট ২০২৬

জামায়াতের সাবেক আমীর কারাগারে, ৩৯১ কোটি টাকা আত্মসাৎ

জামায়াত নেতা আব্দুল ওয়াহেদ

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ আত্মসাতের মামলায় সমিতির পরিচালক ও জামায়াত নেতা আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।

জানা যায়, প্রায় ১২ হাজার ৬৬১ গ্রাহকের ৩৯১ কোটি ৫৭ লাখ টাকার বেশি আমানত আত্মসাৎ করেছেন এ জামায়াত নেতা। তিনি ৮টি মালালার পলাতক আসামি। গ্রেফতারের পর আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার হওয়া আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর। অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

র‍্যাব-১৪ জানায়, দীর্ঘদিন পলাতক থাকা আব্দুল ওয়াহেদের অবস্থান তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন<<>>জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীদের বিচার হবে: তথ্যপ্রতিমন্ত্রী

মামলার অভিযোগ অনুযায়ী, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি সমবায় প্রতিষ্ঠানের আড়ালে ব্যাংকিং-সদৃশ কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে। পরবর্তীতে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ ওঠে। ২০২৫ সালে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা এ ঘটনায় মামলা করেন।
পুলিশ জানায়, আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

এ বিষয়ে র‍্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, র‍্যাবের হস্তান্তরের পর আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে আমানতের অর্থ ফেরত না পাওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা আত্মসাত হওয়া অর্থ উদ্ধার এবং মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়