Apan Desh | আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীদের বিচার হবে: তথ্যপ্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীদের বিচার হবে: তথ্যপ্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডসহ সব অপরাধের বিচার বাংলাদেশেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বুধবার (০৫ আগস্ট) নান্দাইলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও আহত যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণেই দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে এসেছে। তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের ক্ষতি কোনোদিন পূরণ করা সম্ভব নয়। তবে তাদের পরিবার ও আহত যোদ্ধাদের পাশে সরকার সবসময় থাকবে। জুলাইয়ের শহীদদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের বিনিময়েই দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশের সূচনা হয়েছে জুলাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়ে। এ গণঅভ্যুত্থানে যারা অপরাধ করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নান্দাইল উপজেলার ছয়টি শহীদ পরিবারের জন্য আধাপাকা ঘর নির্মাণ ও নলকূপ স্থাপনের উদ্যোগ নেয়া হবে।

এছাড়া জুলাই যোদ্ধাদের বাড়ির রাস্তা পাকাকরণ, তাদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। তাদের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটিও গঠন করা হবে।

নান্দাইলকে জুয়া, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক, কোনো ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন <<>> বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, জুলাই যোদ্ধা রানা আহমেদ ও শেখ সাদী, এমপি ঢাকা সমন্বয়ক সাইফুল ইসলাম শাহীন, যুবদল নেতা আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল, পিয়াস হোসেনসহ অন্যান্য অতিথিরা।

এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা শহীদ মিনার চত্বরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করেন। পরে ‘জুলাই কর্নার’, ‘ছবিতে জুলাই’ ফটো প্রদর্শনী, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক গ্রাফিতি অঙ্কন এবং ‘জুলাই স্মৃতি ক্যানভাস’ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন।

আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement