Apan Desh | আপন দেশ

প্রতিবন্ধী যুবককে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ২ জুলাই ২০২৬

প্রতিবন্ধী যুবককে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন করা বুদ্ধি প্রতিবন্ধী যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) ভোর বেলায় সে মৃত্যুবরণ করে। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবকের নাম মো. আনোয়ার হোসেন (৩২)। তিনি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে।

মৃতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে বুধবার (২৪ জুন) সদর উপজেলার গোবারা মালোপাড়া এলাকায় ওই যুবককে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে সোমবার (২৯ জুন) ৫ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় মামলা করেন নিহতের বড় ভাই মো. নবীর হোসেন।

এ ঘটনায় এজাহারভুক্ত অভিযুক্তরা হলেন, সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস, পলান বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস, অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস, প্রভাষ বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস ও পরান বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস। 

আরও পড়ুন<<>>রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি বুধবার (২৪ জুন) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে প্রতিবেশী বাচ্চু মিয়া নামে একজন তাদের বাড়িতে সংবাদ পাঠায়। আনোয়ার গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, গোবরা মালোপাড়া এলাকার প্রসেনজিৎ, সৌরভ, অপূর্ব, আকাশ, হৃদয়সহ কয়েকজন আনোয়ারকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে সারারাত মারধর করে। এর একপর্যায়ে প্রসেনজিৎ আনোয়ারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। অন্যরা লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখমের সৃষ্টি হয়।

পরেদিন বৃহস্পতিবার (২৫ জুন) সকালে স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে নড়াইল সদর থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

মৃতের বড় ভাই মো. নবীর হোসেন বলেন, আমার ভাই বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। সে সুযোগে তাকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে নির্যাতনের শিকার হয়ে আমার ভাই মারা গেছে। আমি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনায় পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়