Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ২০ জুন ২০২৬

আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি

ফাইল ছবি, আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডাইরি (জিডি) করেছে এক সমর্থক। এছাড়া পতাকাটির সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়।

শনিবার (২০ জুন) জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের। এর আগে, বৃহস্প্রতিবার (১৮ জুন) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর টুটুল সিকদার নামে একজন বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডাইরি করেন। 

আরও পড়ুন<<>>ছবি অবমাননার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের নীরব প্রতিবাদ

জিডি থেকে জানা যায়- ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে তদন্ত কেন্দ্রে জিডি করা হয়।

টুটুল সিকদার বলেন, অনেক পরিশ্রম করে টাকা পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। যে এটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি। আর পতাকা হারানোর কারণে ক্লাবের অন্য সদস্যরা ব্যথায় ব্যথিত  হয়েছেন। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পতাকার জন্য টাকা দিয়েছিলেন কেউ কেউ। তাই এ ঘটনা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দরকার। পতাকাটি কেউ পেলে তাকে ১০ হাজার টাকা দেয়া হবে।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, এ বিষয়ে সাধারণ ডাইরি পেয়েছি। তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়