Apan Desh | আপন দেশ

সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৬, ১৮ মে ২০২৬

সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি : আপন দেশ

খুলনার কয়রায় সিঁধ কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয়দের তথ্যমতে, গভীর রাতে ভবতোষের বাড়িতে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, ‘আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

আরও পড়ুন : প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার : রিজভী

কয়রা থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি বা ডাকাতির উদ্দেশে ঢুকে এ হত্যাকাণ্ড। ঘটনার পেছনে অন্য কোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়