ছবি: আপন দেশ
সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটকের সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ভোররাতে অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন লে. ইকরা মোহাম্মদ নাসিফ,(এক্স)।
আটক জাহিদুল ইসলাম (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র নেতৃত্ব দিয়ে সুন্দরবনে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
আরও পড়ুন<<>>দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা
লে. ইকরা মোহাম্মদ নাসিফ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিসসংলগ্ন কালীর খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মেজ জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































