ছবি : সংগৃহীত
গাইবান্ধা সদর উপজেলার ৯নং খোলাহাটী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিক প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে করে এলাকার নিম্নআয়ের ও অসহায় জনগোষ্ঠী প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পড়েছে চরম দুর্ভোগে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ক্লিনিকটি বন্ধ থাকায় রোগীদের চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যেতে হচ্ছে। যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না।
ক্লিনিকটি ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ক্লিনিকের জন্য দানকৃত জমি কিছু ব্যক্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। পাশাপাশি, ক্লিনিক থেকে ওষুধ নিতে আসা রোগীদের কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন<<>>দখল-দূষণে মৃত প্রায় আদমদীঘির রামশালা খাল
এছাড়া ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও ক্লিনিকের সভাপতি মো. আব্দুল হাই মিয়া বলেন, এখানে দায়িত্ব নিতে আসা চিকিৎসকদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। জমিদাতার অশোভন আচরণে অতিষ্ঠ হয়ে অনেকেই এখানে দায়িত্ব পালন করতে চান না।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদা বলেন, ওখানে মানিক নামে একজন ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উদ্ঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্লিনিকটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























