Apan Desh | আপন দেশ

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৯, ২৮ মার্চ ২০২৬

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২

ছবি: আপন দেশ

রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে প্রতারণার সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ডাবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মনোরঞ্জন ও শরিফুল ইসলাম; তারা দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে তারা বিভিন্ন গ্রামে ঘুরে নিজেদের সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে দরিদ্র মানুষকে স্বল্পমূল্যে পণ্য পাওয়ার প্রলোভন দেখিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলছিল। এ জন্য তারা কার্ডপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করছিল।

ঘটনার দিন ডাবরাপাড়ায় গিয়ে টাকা সংগ্রহের সময় তাদের আচরণে সন্দেহ হয় এলাকাবাসীর। পরিচয়পত্র ও কার্ডের বৈধতা নিয়ে প্রশ্ন করলে তারা অসংলগ্ন কথা বলতে শুরু করে। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে।

ভুক্তভোগী আমেনা বেগম বলেন, ৫০০ টাকা দিলে কার্ড পাওয়া যাবে—এমন প্রলোভন দেয়া হয়েছিল। সন্দেহ হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আরেক ভুক্তভোগী আজমল হোসেন জানান, তার কাছেও ১ হাজার টাকা দাবি করা হয়েছিল এবং দেখানো ফরমে কোনো সরকারি সিল বা স্বাক্ষর ছিল না।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, জামায়াত নেতা কারাগারে

পরে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। এলাকাবাসীর অনুরোধে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement