Apan Desh | আপন দেশ

কলেজছাত্রর মৃত্যুতে উত্তাল ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

কলেজছাত্রর মৃত্যুতে উত্তাল ময়মনসিংহ

ছবি: আপন দেশ

ময়মনসিংহে ছিনতাইকারীদের ধাওয়ায় পানিতে ডুবে নিহত হয়েছেন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূরুল্লাহ শাওন (২৪)। এ মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে নগরী। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন রাত ৮টার মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্ত হন।

এর আগে নগরীর আনন্দ মোহন কলেজের মাঠে নিহত শাওনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল থেকে অভিযুক্ত ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এম. এ হান্নান খানসহ কলেজ ছাত্রদলের নেতারা। তারাও ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ ও সহপাঠী সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নূরুল্লাহ শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ নগরীর জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে ব্রহ্মপুত্র নদের বিপরীত পাড়ে ঘুরতে যান। সন্ধ্যা ৬টার দিকে সাত সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের ঘিরে ফেলে এবং সঙ্গে থাকা টাকা-পয়সা দিতে বলে। নৌকা ভাড়া ছাড়া অন্য কোনো টাকা নেই জানালে তাদের মারধর করা হয়।

একপর্যায়ে শাওন প্রতিবাদ করলে ছিনতাইকারীরা আবারও হামলা চালায়। পরে দুই বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা ধাওয়া করে। এসময় মঞ্জুরুল নদে নেমে বালু শ্রমিকদের কাছে আশ্রয় নেন। শ্রমিকরা পরিস্থিতি বুঝতে পেরে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে ওই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন নূরুল্লাহ শাওন।

আরও পড়ুন <<>> কেশবপুরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

পরবর্তীতে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নৌকার মাঝিরা নদীর চরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত নূরুল্লাহ শাওন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়