ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার মূল ফটকে (গেটে) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় জনতা ইমন নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে।স্থানীয়রা ইমন হোসেনকে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সময় তার সঙ্গে আরও দুইজন ছিলো, তবে তারা পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত মন্ডলতলী বাজার সংলগ্ন কেরোয়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটে আগুন ধরিয়ে দেয়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছে। আগুন লাগিয়েই তারা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে।
আরও পড়ুন <> ইউরেনিয়ামের আরও এক চালান পৌঁছাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে
আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন।
গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান বলেন, গতকাল রাত ১০টা ৩০ মিনিটে গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার মেইন গেটে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেয়। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































