ছবি: আপন দেশ
কার্তিক পেরিয়ে এখন প্রকৃতিতে চলছে অগ্রহায়ণ মাস, হেমন্তকালের দ্বিতীয় ও শেষ মাস। এ সময়ে ভোরের কুয়াশা, ঘাসের ডগায় শিশিরবিন্দু আর হালকা হিমেল হাওয়ায় চারদিকে শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। দেশের উত্তরের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। তবে বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানীর আকাশ ও চারপাশ। কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাসে নগরজীবনেও মিলছে শীতের আগমনী বার্তা।
সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও এলাকায় কুয়াশার ঘনত্ব চোখে পড়ার মতো। কোথাও দূরের স্থাপনা স্পষ্ট দেখা যাচ্ছে না, আবার কোথাও কয়েক হাত দূরের যানবাহনও কুয়াশার কারণে ঝাপসা হয়ে পড়ছে। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। দৃষ্টিসীমা নেমে এসেছে ৫০০ মিটারের কাছাকাছি।
শীতের সকালের এমন আবহাওয়ার মধ্যেও থেমে নেই নগরজীবন। জীবিকার তাগিদে কেউ ছুটছেন কর্মস্থলে, কেউ সন্তানকে নিয়ে যাচ্ছেন স্কুলে, আবার কেউ বের হয়েছেন জরুরি প্রয়োজনে। তবে ঘন কুয়াশার কারণে সড়কে স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।
আরও পড়ুন<<>>রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকাভান’
এদিকে সকালে কুয়াশার চাদরে মোড়ানো রাজধানীর চিত্রে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রকৃতির এই পরিবর্তনে অনেকের কাছেই শীতের আগমনী অনুভূতি মিলছে।
মঙ্গলবারের (১৭ নভেম্বর) তুলনায় বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা কমেছে প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বুধবার সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া বুধ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































