Apan Desh | আপন দেশ

দীর্ঘদিন আম সংরক্ষণের উপায়

লাইফস্টাইল ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৯, ২৬ জুন ২০২৬

আপডেট: ১৭:১৮, ২৭ জুন ২০২৬

দীর্ঘদিন আম সংরক্ষণের উপায়

ছবি : সংগৃহীত

গ্রীষ্মকাল মানেই রসালো আমের মৌসুম। পাকা আমের মিষ্টি ঘ্রাণ আর সুস্বাদু স্বাদ এসময়ের অন্যতম আকর্ষণ। আম দিয়ে তৈরি ম্যাঙ্গো শেক, স্মুদি, জুস কিংবা বিভিন্ন ধরনের মিষ্টান্ন গরমের দিনগুলোকে আরও আনন্দময় করে তোলে। তবে মৌসুম শেষ হলেই বাজারে আমের দেখা মেলে ভার। ফলে প্রিয় ফলটি খেতে অপেক্ষা করতে হয় পরবর্তী গ্রীষ্ম পর্যন্ত।

তবে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে ৬-৮ মাস পর্যন্ত আমের স্বাদ ও গুণাগুণ অনেকটাই অক্ষুণ্ন রাখা সম্ভব। ফ্রিজের সংরক্ষিত এসব আম পরে শেক, স্মুদি, আইসক্রিম, ফলের সালাদ কিংবা বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে সহজেই ব্যবহার করা যায়।

সংরক্ষণের জন্য প্রথমেই বেছে নিতে হবে পুরোপুরি পাকা, মিষ্টি ও সতেজ আম। অতিরিক্ত নরম, পচা কিংবা কালচে দাগযুক্ত আম এড়িয়ে চলাই ভালো। কারণ ভালো মানের ফল দীর্ঘদিন সংরক্ষণ করা সহজ হয়।

এরপর আম পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে শুকনো সুতির কাপড় দিয়ে সম্পূর্ণ মুছে নিতে হবে। খোসায় কোনো ধরনের পানি বা আর্দ্রতা থাকা উচিত নয়। কারণ আর্দ্রতা থাকলে ফ্রিজারে বরফ জমে আমের স্বাদ ও গঠন নষ্ট হতে পারে।

আরও পড়ুন <<>> বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্টদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

পরবর্তী ধাপে খোসা ছাড়িয়ে আঁটি থেকে শাঁস আলাদা করে ছোট বা মাঝারি আকারের সমান টুকরো করে কেটে নিতে হবে। সমান আকারের টুকরো হলে সেগুলো সমানভাবে জমে এবং পরে ব্যবহার করতেও সুবিধা হয়।

কাটা আমের টুকরোগুলো একটি ট্রে বা বড় প্লেটে এমনভাবে সাজাতে হবে, যাতে একটির সঙ্গে আরেকটি লেগে না থাকে। এরপর ট্রেটি খাদ্য-উপযোগী প্লাস্টিক র‍্যাপ বা পরিষ্কার পলিথিন দিয়ে ঢেকে ফ্রিজারে রাখতে হবে।

৪-৫ ঘণ্টা বা সারা রাত ফ্রিজারে রাখলে প্রতিটি টুকরো আলাদাভাবে জমে যাবে। এতে প্রয়োজন অনুযায়ী কয়েকটি টুকরো বের করা সহজ হবে এবং সব টুকরো একসঙ্গে আটকে যাবে না।

টুকরোগুলো শক্ত হয়ে গেলে সেগুলো জিপ-লক ব্যাগ বা বায়ুরোধী পাত্রে ভরে সংরক্ষণ করতে হবে। ব্যাগের ভেতরে যতটা সম্ভব কম বাতাস রাখলে আমের সতেজতা ও স্বাদ দীর্ঘদিন বজায় থাকবে।

এভাবে সংরক্ষণ করলে আম সাধারণত ৬-৮ মাস পর্যন্ত ভালো থাকে। সংরক্ষিত আম দিয়ে সহজেই ম্যাঙ্গো শেক, স্মুদি, আইসক্রিম, ফলের সালাদ কিংবা বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করা যায়।

তবে ব্যবহারের সময় যতটুকু প্রয়োজন, শুধু ততটুকুই ফ্রিজ থেকে বের করা উচিত। বাকি অংশ দ্রুত আবার ফ্রিজারে রেখে দিতে হবে। আর ব্যবহারের প্রায় পাঁচ মিনিট আগে আম স্বাভাবিক তাপমাত্রায় রাখলে এর স্বাদ ও গঠন আরও ভালো থাকে।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়