Apan Desh | আপন দেশ

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৫৯, ২৭ জুন ২০২৬

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২

ছবি: আপন দেশ

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন)  ভোররাত ১টার দিকে কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনে এ অগ্নি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আব্দুস সালাম (২০) ও জনি (২৪)।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর ১৩ ও ১১ তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেক বাসিন্দা আটকে পড়ে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটি ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ভেতর থেকে দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন<<>>রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

সূত্র জানিয়েছে, যে ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে রয়েছে আইনজীবীদের চেম্বার। আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। এরপর তাদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

পুলিশ জানায়, আব্দুস সালামের বাড়ি বগুড়ার কাহালু থানার বড় ভাহাদার গ্রামে। তার বাবার নাম সেলিম সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক তিনি। জনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও জনিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছিল।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement