ছবি সংগৃহীত
পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরে ১০টি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কেপ ভার্দে। ৫ লাখ ৯৩ হাজার জনসংখ্যার এ দেশটি প্রথমবারের বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করেছে। কোনো ম্যাচ না জিতেই ইতিহাস গড়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে দ্বীপ দেশটি।
গোলরক্ষক ভোজিনহার বীরত্বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে রুখে দেয়ার পর সৌদি আরবের বিপক্ষেও ড্র করল তারা। উরুগুয়ে স্পেনের কাছে হেরে যাওয়ায় কোন জয় ছাড়াই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলল আফ্রিকার দল। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এভাবেও সমীকরণ মিলে! উরুগুয়ের বিপক্ষে জিতল স্পেন। তাতে কেপ ভার্দের পথটা হয়ে গেল মসৃণ। সৌদি আরবের বিপক্ষে সাদামাটা খেলে ড্র করেও, উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেল তারা। তাও আবার কোনো ম্যাচ না জিতে!
বাংলাদেশ সময় শনিবার (২৭ জুন) সকালে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। টানা তিন ড্রয়ে, ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে দলটি।
অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারানো স্পেন, তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে উঠেছে নকআউটে। এই গ্রুপ থেকে ছিটকে গেছে সৌদি আরব ও উরুগুয়ে। ২ করে পয়েন্ট দুই দলের।
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নকআউটে উঠল ছয় লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে। শেষ বত্রিশে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে খেলবে তারা।
আরও পড়ুন<<>>দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স
স্পেন ও উরুগুয়েকে ড্রয়ে রুখে দেয়ার আত্মবিশ্বাস নিয়ে নামা কেপ ভার্দে ম্যাচ জুড়ে ছিল বিবর্ণ। উরুগুয়েকে ড্রয়ে আটকে দেয়ার পর, স্পেনের কাছে ৪-০ গোলে হেরে আসা সৌদি আরবও পারেনি নিজেদের মেলে ধরতে।
প্রথম ‘হাইড্রেশন ব্রেক’ পর্যন্ত বল দখলে দুই দলই সমানে সমান। কেউই উল্লেখযোগ্য কোনো আক্রমণও পারেনি শাণাতে। এরপর কেপ ভার্দের খেলা গতি বাড়ে, কিন্তু সৌদি আরবের গোলকিপারকে পরীক্ষা নেয়ার মতো কিছু করতে পারছিল না তারাও।
প্রথম উল্লেখযোগ্য আক্রমণ, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে করে সৌদি আরব। তবে, সুলতান মান্দাসের বাড়ানো বলে, ছয় গজ বক্সের ভেতর থেকে মোহামেদ কান্নোর দুর্বল হেড সহজেই গ্লাভসবন্দী করেন ভোজিনহা।
দ্বিতীয়ার্ধের শুরুতে মন্তেইরোর শট দূর্ভাবনার কারণ হতে পারেনি আল-ওয়াসির। ৭৪তম মিনিটের দারুণ সেভে দলের ত্রাতা ওয়াসি। ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে লারোস দুয়ার্তের শট কোনমতে পা দিয়ে আটকে দেন তিনি।
শেষ দিকে নুনো দা কস্তা বাইরে মেরে ভালো একটি সুযোগ নষ্ট করলে, গোল পাওয়া হয়নি কেপ ভার্দের। কিন্তু শেষের বাঁশি বাজতেই, সব সমীকরণ মিলে যাওয়ায় বাঁধনহারা উৎসব তারাই করল, নেচে-গেয়ে, উল্লাস আর আনন্দ অশ্রুর মিশেলে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































