Apan Desh | আপন দেশ

সকাল ৯টার মধ্যে চার অঞ্চলে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৭, ৩ জুন ২০২৬

সকাল ৯টার মধ্যে চার অঞ্চলে ঝড়ের আশঙ্কা

ছবি: আপন দেশ

দেশের চারটি অঞ্চলে বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৯টার মধ্যে দমকা হাওয়া বা ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (০৩ জুন) রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, খুলনা অঞ্চল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন <<>> রাতের মধ্যে ৯ জেলায় ঝড় হতে পারে 

একই সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের বিস্তীর্ণ এলাকায় এখনও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বর্তমানে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতরের মতে, এ তাপপ্রবাহ আরও কিছু সময় স্থায়ী হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়