Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৫, ৪ জুন ২০২৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ছবি: আপন দেশ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, মূল্যস্ফীতির আশঙ্কা এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার প্রত্যাশার কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা নতুন অর্থনৈতিক তথ্য-উপাত্তের অপেক্ষায় রয়েছেন।

বুধবার (০৩ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫২ দশমিক ০৯ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৮০ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।

ডেভিড মেগার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্বর্ণবাজারের সাম্প্রতিক ওঠানামার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তার মতে, সংঘাত আরও বাড়লে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেতে পারে। এতে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকবে। ফলস্বরূপ সুদের হার উচ্চ অবস্থানে থাকতে পারে এবং মার্কিন ডলার আরও শক্তিশালী হতে পারে। এসব কারণে স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।

সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে।

আরও পড়ুন <<>> বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৯০৮ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৩৭ দশমিক ৭৫ ডলারে লেনদেন হয়েছে।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়