Apan Desh | আপন দেশ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচির ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৮, ৩ জুন ২০২৬

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচির ঘোষণা জামায়াতের

ছবি : আপন দেশ

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বর্ধিত দাম প্রত্যাহারের এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বৃহস্পতিবার (০৪ জুন) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

বুধবার (০৩ জুন) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাড়াহুড়ো করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা গণবিরোধী।’

বিবৃতিতে বলা হয়, সরকার সাধারণ মানুষের পকেট কাটার চরম নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের ওপর বড় ধরনের জুলুম। এমনিতেই সব নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ওপর বিদ্যুতের এ মূল্যবৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা।

তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক বৃদ্ধি পাবে। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।’

বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত সম্ভব হতো না।’

আরও পড়ুন : হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ২০

বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধের দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় গণবিরোধী ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ দাবিতে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়